ইন্দুরকানী উপজেলা ফের ‘জিয়ানগর’ নাম ফিরে পেল

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০১:১৮ পিএম
ইন্দুরকানী উপজেলা ফের ‘জিয়ানগর’ নাম ফিরে পেল

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ রাখা হয়েছে। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ২০ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজ্ঞাপনটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিতভাবে জারি করেন।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮ দশমিক ৬৭ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৯৭৬ সালে ইন্দুরকানী থানা গঠিত হয়। পরে ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর নামে উপজেলার নাম ‘জিয়ানগর’ ঘোষণা করেন। সে সময় সংসদ সদস্য ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী।

পরবর্তীতে ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় পুনর্বিবেচনার মাধ্যমে উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ রাখা হয়।

জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, “পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় দলের নেতাকর্মীসহ আমরা আনন্দিত। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছিল।”

আপনার জেলার সংবাদ পড়তে