ফিক্সিংয়ের সন্দেহজনক তালিকায় নাম থাকায় গেলো বিপিএলে খেলার সুযোগ পাননি এনামুল হক বিজয়। এরপর অদম্য টি-টোয়েন্টি কাপেও কোনো দলে জায়গা পাননি তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট লিগে ডাক পেয়েছিলেন বিজয়। যদিও ওমরাহ করতে দেশের বাইরে থাকায় খেলতে পারেননি। বিপিএলের সময় ফিক্সিংয়ের সন্দেহজনক তালিকায় থাকা বিজয়কে আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তিও দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন বিজয়। সেখানে তিনি বলেন, আর ঝুলে থাকতে চাই না। হারানো সম্মান ফেরত চাই। হোম অব ক্রিকেটের মিডিয়া সেন্টারে শুরুতে নিজের কথা বলেন বিজয়। তিনি বলেন, ‘আমি দুইটা বিষয় নিয়ে এখনো ঝুলন্ত অবস্থায় আছি। যেটা আসলে কোনো সমাধান আমি পাচ্ছি না। একটা হলো তদন্ত রিপোর্টের ব্যাপার ছিল, একটা পেমেন্টের ইস্যু ছিল, যেটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। আমাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি, যেটা আমার অধিকার, যেটা আমি এতদিন ধরে পারফরম্যান্স করে আসছি। সেটা আমার প্রাপ্য। কিন্তু সেটা আমি খেলতে পারিনি এবং তার আগের বছরের যে পেমেন্ট ইস্যুটা ছিল সেটা আমি এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। বিভিন্নভাবে বিভিন্নজনের সাথে যোগাযোগ করার পরেও আসলে কোনো ফলপ্রসূ রেজাল্ট আমি পাই নাই, পাচ্ছিও না। সবাই আজ হোক কাল হোক বলতে বলতে আসলে ঝুলন্ত অবস্থায় আছি।’ বিভিন্ন সময়ে বোর্ডের বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি জানিয়ে বিজয় বলেন, ‘একেকসময় একেকজনের কাছে যাচ্ছি, একেকজনকে ফোন দিচ্ছি, কিন্তু আসলে কোনো কিছুই পাচ্ছি না। আমি আসলে আইনজীবীর মাধ্যমেও চেষ্টা করেছি, তারাও আসলে যোগাযোগ করতে অনেক সময়ই রেজাল্ট নিতে ব্যর্থ হয়েছে। আমি যখন ওমরায় ছিলাম তখন আমাদের দেশের একটা ফলপ্রসূ নির্বাচন হয়, যেখানে আমিনুল ভাই এখন মন্ত্রী হয়েছেন। পরবর্তী স্টেপ হয়তো তার কাছে যাব। কিন্তু এখন যে বক্তব্যগুলো আমি দিচ্ছি, আমি আশা করব যে ক্রিকেট বোর্ডে যতগুলো ডিরেক্টর আছে তারা এই কথাগুলো শুনবেন এবং এটার একটা সমাধান করবেন। না হলে আসলে মনে হচ্ছে যে আমি ঝুলে আছি। এটা কেউই চায় না। আমাকে যারা ভালোবাসে, আমার পরিবার এবং আমাকে যারা পছন্দ করেন আসলে কেউই চায় না এরকম ঝুলন্ত অবস্থায় কেউ থাকুক। এটার একটা সমাধান আমি চাই আসলে।’ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলেন বিজয়, তবে সাড়া মেলেনি। তিনি বলেন, ‘আমি বুলবুল ভাইকে এখন পর্যন্ত ফোনে পাই নাই। আমি এসএমএস করছি, রিকোয়েস্ট করছি ভাই আমি আসলে কথা বলতে চাই, উনি কথা বলেনি। রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। আর মিঠু ভাই তো সবসময়ই বলতেছে দেখি দেখি দেখি, হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যাপারটা এভাবেই রয়েই গেছে। তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিছে মনে হচ্ছে।’ তার যে সম্মানহানি হয়েছে, হারানো সম্মান বিসিবি ফেরত না দিলে আর ক্রিকেটও খেলতে চান না বিজয়। বিসিবির বিরুদ্ধে হার্ডলাইনে যাবেন কিনা? প্রশ্নে তিনি বলেন, ‘যদি বলি হার্ডলাইনের কথা, ভাই আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না এরা (বিসিবি) আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না। বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে এই যে সবকিছু, বিজয়ের যা হইছে যে এগুলো মিস্টেক হয়ে গেছে। সন্দেহের তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, এখন সব ধরনের খেলাও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন বলবে, তখন আমি ক্রিকেট খেলবো। তার আগে আমার এমন না যে আমার বিপিএল খেললে অনেক কিছু। এর আগে আমি বহুত সেঞ্চুরি করেছি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার এখন সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকেই ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পেতে চাই। দ্যাটস ইট।’