শুধু বিনোদনই নয়-‘ইত্যাদি’ সত্যিকার অর্থেই একটি শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান। বিষয় বৈচিত্র্যে ঠাসা এবারের ঈদের জন্য নির্মিত বিশেষ ‘ইত্যাদি’র দলীয় সংগীতেও তুলে ধরা হয়েছে নানান অবক্ষয় ও অসঙ্গতি।
সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় সমাজের চারিদিকে জালের মতো ছড়িয়ে থাকা মিথ্যা ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নীতি নৈতিকতা ও বাস্তবতা। বাল্যকালে শেখা নীতি কথা-কর্মকালে এসে-মর্মহীন হয়ে যায়, যা অনেকেই বোঝেন না, এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত।
এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর।
উপস্থিত দর্শকরা মুগ্ধ দৃষ্টিতে দেখেছেন তাদের এই চমৎকার কোরিওগ্রাফি সমৃদ্ধ নাচ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। সঙ্গে নৃত্যদল। নৃত্য পরিচালনা করেছেন মামুন।
ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।
অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত বর্ণাঢ্য এই ভিন্নধর্মী দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে। এমনটাই প্রত্যাশা নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেতের।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।