রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়েছে। এ সময় সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে নগরীর আরডিএ মার্কেট ও সাহেববাজারে এই অভিযান চালান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ। আদালতের নাজির সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোক্তা অধিকার আইন না মানায় সাহেবাজারের মৌচাক মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার, নবরূপ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার ও আরডিএ মার্কেটের একটি শাড়ির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা ও বিভিন্ন অপরাধকে আইনের আওতায় এনে রাজশাহী মহানগরকে নিরাপদ করে গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।