ভোলার দৌলতখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে অনিয়মের অভিযোগে ৬ টি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে দৌলতখান দক্ষিণ বাজার সদর রোডের ফল, মুদি ও বয়লার মুরগী দোকানে মূল্য তালিকা ও মোকাম থেকে আনা মালামাল ক্রয়ের কাগজপত্র (মেমো) না থাকায় এ জরিমানা করা হয়। এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও থানা পুলিশ তার সাথে অভিযানে ছিলেন। এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সাংবাদিকদের বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্টের এ অভিযান ব্যবসায়ীদের সতর্কতা ও সচেতনতার জন্য অব্যাহত থাকবে।