ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সাথে অজ্ঞাত একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটার (অগ্নিনির্বাপক কর্মী) নিহত হয়েছেন। ৩ মার্চ দিবাগত রাত নয়টার দিকে এ দুর্ঘটনায় নিহত ফায়ার ফাইটার প্রান্ত মণ্ডল বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, বরিশালগামী মোটরসাইকেলের সাথে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুত্বর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের সাথে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, নিহত ব্যক্তি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার (অগ্নিনির্বাপক কর্মী) হিসেবে কর্মরত ছিলেন। নিহতের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, প্রান্ত ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।