কলাপাড়ায় ইশা আন্দোলন কর্মী হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম
কলাপাড়ায় ইশা আন্দোলন কর্মী হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ

চরমোনাই পীর সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর কলাপাড়ার সমর্থক ইদ্রিস আলীকে অফিসে ডেকে নিয়ে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় জড়িত নীলগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় কলাপাড়া ইসলামী আন্দোলনের আয়োজনে কুমারপর্টি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়।  মিছিল টি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান। তিনি দলের কর্মী ইদ্রিস হত্যায় জড়িত যুবদল নেতা জহিরুল ইসলাম ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। গত ২ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায় ইদ্রিস আলী। গত ২৬ ফেব্রুয়ারি যুবদল নেতা জহিরুল ইসলামের ছবি সম্বলিত একটি রান্নার পোস্টে ইদ্রিস আলী আইডি থেকে একটি কমেন্ট করা হয়।  কমেন্টে বলা হয় রাতে গরু চুরি,  দিনে রান্না।  এ কমেন্টের জের ধরে ইদ্রিস আলীকে অফিসে ডেকে নিয়ে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে এবং ২ মার্চ মারা যায়।  এ ঘটনায় ৩ মার্চ সকালে নিহতের স্ত্রী ও দুই সন্তান ঢাকা থেকে ইদ্রিসের মরদেহ কলাপাড়া থানায় নিয়ে আসে এবং বিচার দাবি করে।

আপনার জেলার সংবাদ পড়তে