বড়াইগ্রামে তালা ভেঙ্গে বাড়ি দখলের অভিযোগ

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ১২:৫৭ পিএম
বড়াইগ্রামে তালা ভেঙ্গে বাড়ি দখলের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে আদালতে মামলাধীন একটি বাড়ির তালা ভেঙ্গে প্রতিপক্ষরা দখল করে নেয়ায় দুদিন যাবৎ ষাটোর্দ্ধ মেয়েকে নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর দিন কাটাচ্ছেন আমেনা বেগম (১১০) নামে এক শতবর্ষী বৃদ্ধা। বুধবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে সোমবার উপজেলার মহানন্দাগাছা গ্রামের ওই বৃদ্ধাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রতিপক্ষরা তালা ভেঙ্গে বাড়ির দখল নেয়। ভূক্তভোগী আমেনা বেগম মহানন্দাগাছা গ্রামের মৃত সফর উদ্দিনের স্ত্রী এবং আমেনা বেগম মৃত আতাব উদ্দিনের স্ত্রী।  বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির মুল ফটকের সামনে পাটিতে শুয়ে আছেন শতবর্ষী আমেনা বেগম। পাশে তার মেয়ে বসে আছেন। বাড়ির প্রধান দরজা ভিতর থেকে আটকানো। ঘরের মধ্যে লোকজন রয়েছেন। আর গ্রামের মানুষজন চারদিকে ভীড় করে দেখছেন এ দৃশ্য।  এ সময় স্থানীয়রা জানান, আমেনা বেগমের মেয়ে মনোয়ারা বেগম নিঃসন্তান হওয়ায় সাথী আক্তার লিপি নামের এক শিশুকে দত্তক নেন। পরে তাকে লালন পালন করে পাবনার চাটমোহরের আনকুটিয়া গ্রামে বিয়ে দেন। পরবর্তীতে মনোয়ারা তার স্বামীর জমি বিক্রি করে মায়ের ভিটায় পাঁচতলা ফাউন্ডেশন করে একতলা বিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করেন। বর্তমানে বৃদ্ধা মাকে নিয়ে তিনি সে বাড়িতেই বসবাস করে আসছিলেন। বছর খানেক আগে নাতনী লিপি নানীকে ডাক্তার দেখানোর জন্য বনপাড়ায় নিয়ে গোপনে বাড়ির জমি নিজ নামে রেজিষ্ট্রি করে নেয়। পরে লিপি সেই জমি একই গ্রামের আব্বাস আলীর তিন ছেলে রেজাউল করিম, নাঈম ও নাহিদের কাছে বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যান। এরপর বিষয়টি জানাজানি হলে আমেনা বেগম আদালতে লিপির নামে মামলা করেন। কিন্তু সোমবার ওই বৃদ্ধাকে নিয়ে তার মেয়ে হাসপাতালে গেলে আব্বাস আলী ও তার ছেলেরা তালা ভেঙ্গে  বাড়ি দখল করে নেন।  এ ব্যাপারে মনোয়ারা বেগম বলেন, আমি মাকে নিয়ে হাসপাতাল থেকে ফিরে এসে দেখি তারা আমাদের বাড়িঘর দখল করে নিয়েছে। অথচ বাড়ি নিয়ে আদালতে মামলা আছে। আমরা এখন কোথায় যাব।  নাঈস হোসেন বলেন, আমরা তিন ভাই টাকা দিয়ে বাড়িসহ জমি কিনেছি। কিন্তু তারা দখল না দেয়ায় এবার আমরা নিজেরাই দখল নিতে বাধ্য হয়েছি।  বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে