পেঁয়াজ বীজ আবাদে ঝুঁকছেন সুজানগরের কৃষকেরা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০১:০৩ পিএম
পেঁয়াজ বীজ আবাদে ঝুঁকছেন সুজানগরের কৃষকেরা

বাংলাদেশের মধ্যে পেঁয়াজ আবাদে প্রথম পাবনার সুজানগরের কৃষকেরা এবার পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজ বীজ আবাদে ঝুঁকছেন। এ বছর উপজেলার বড় কৃষক থেকে শুরু করে প্রান্তিক কৃষকেরাও কম-বেশি পেঁয়াজ বীজ আবাদ করেছেন।  উপজেলা কৃষি অফিস জানায়, পাবনার সুজানগর বাংলাদেশের মধ্যে পেঁয়াজ আবাদে প্রথম হলেও এখানে তেমন পেঁয়াজ বীজ আবাদ করা হয়না। বেশিরভাগ কৃষক ফরিদপুর এবং রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে বীজ কিনে এনে চারা উৎপাদন করে পেঁয়াজ  আবাদ করেন। কিন্তু গত প্রতি কেজি বীজ ৪হাজার থেকে ৪৫‘শ টাকা দরে বিক্রি হওয়ায় এ জনপদের কৃষকেরা পেঁয়াজ বীজ আবাদ শুরু করেছেন। এ বছর উপজেলায় ৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলন হবে বলেও আশা করছেন উপজেলার বীজ আবাদকারী কৃষকেরা। উপজেলার চন্ডীপুর গ্রামের কৃষক মুরাদ হোসেন বলেন পেঁয়াজ বীজ আবাদ করার চেয়ে সংরক্ষণ করা বেশি কষ্ট। যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে না পারলে অনেক সময় বীজ নষ্ট হয়ে যায়। সেকারণে উপজেলার পেঁয়াজ চাষীরা বছরের পর বছর বীজ কিনে এনে চারা উৎপাদন করে পেঁয়াজ আবাদ করে আসছেন। কিন্তু গত ৪/৫বছর মাত্রাতিরিক্ত দামে বীজ ক্রয় করায় উপজেলার অনেক কৃষক পেঁয়াজের পাশাপাশি বীজও আবাদ করছেন। উপজেলার কামারদুলিয়া গ্রামের কৃষক শরীফ উদ্দিন বলেন আমি উপজেলা কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে এবার প্রথম ১বিঘা জমিতে পেঁয়াজ বীজ আবাদ করেছি। বীজের দৈহিক বৃদ্ধি এবং ফুল-ফল দেখে মনে হচ্ছে ফলন বেশ ভাল হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন আগে এ উপজেলায় পেঁয়াজ বীজ আবাদ হতোনা। কিন্তু উপজেলা কৃষি বিভাগের পরামর্শ এবং এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেওয়ায় এ বছর উপজেলার অনেক কৃষক পেঁয়াজ বীজ আবাদ করেছেন। আশা করছি আগামীতে বীজ আবাদ করা কৃষকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে