মান্দায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০২:৫০ পিএম
মান্দায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্বওমী মাদ্রাসার কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। বুধবার রাত ৩টার দিকে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া ক্বওমী মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রফিকুল ইসলাম (২৫)। তিনি মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাদ্রাসার ক্বারী শিক্ষক সাব্বির হোসেন জানান, রাত সোয়া দুইটার দিকে ছাত্র পারভেজকে নিয়ে সাহরি রান্নার জন্য রান্নার ঘরের দিকে যাই। এ সময় রান্না ঘর থেকে অচেনা এক যুবক বের হয়ে আসছিলেন। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করাকালে তিনি পালানোর চেষ্টা করেন।  শিক্ষক সাব্বির হোসেন আরও বলেন, এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে গাছের ডাল দিয়ে মারধর করা হয়। হইচই শুনে শিক্ষক আরিফুল ইসলাম, শিক্ষক তুহিন হোসেন, শিক্ষক ওমর ফারুক ও শিক্ষক মোর্শেদ আলম এসে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে রফিকুল ইসলাম সেখানেই মারা যান। মাদ্রাসার পাশের বাসিন্দা আসলাম হোসেন বলেন, ‘মাদ্রসার ভেতরের মসজিদে আমি ফজরের নামাজ আদায় করেছি। অথচ ভেতরে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এ বিষয়ে কিছুই জানতে পারিনি।’ মাদ্রাসার মহাতামিম মাসুদুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে আমি মাদ্রাসায় গিয়ে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এর কিছু পরেই তিনি মারা যান।’ এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে মাদ্রাসা চত্বর থেকে হাত বাধা অবস্থায় রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে