কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ মার্চ, ২০২৬, ০৪:২১ পিএম | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৪:২১ পিএম
কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য’র পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, আড়পাড়া গ্রামের ৪৯ দাগে পৈত্রিক সুত্রে পাওয়া ৪৭ শতক জমির মালিক মৃত শেখ মোহাম্মদ সিদ্দিকের উত্তরসুরীরা। পরিবারটি অসহায় হওয়ায় ওই জমি পরিত্যক্ত ছিলো। সেখানে দোকানঘর নির্মাণ করতে গেলে তাতে বাঁধা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা। উচ্চ আদালত থেকে পক্ষে রায় পেয়ে দোকানঘর নির্মাণ করেছে শেখ মোহাম্মদ সিদ্দিকের পরিবারের লোকজন। কিন্তু বৃহস্পতিবার ভোর রাতে শামীম আরার দেবরসহ তার লোকজন দোকান গুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভুক্তভোগী রহিমা খাতুন বলেন, আমার বাবা মারা যাওয়ার পর আমাদের টাকা না থাকার কারণে ওই জমিতে কিছুই করতে পারিনি। এখন করতে গেলে এমপির বউ বলছে জমি নাকি উনাদের। আমাদের জমি আমরা কাউকে বিক্রি করিনি বা দানও করিনি। উনাদের হলো কি করে।ভুক্তভোগী আকলিমার ছেলে আসলাম খান অভিযোগ করেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় তারা ক্ষমতার বলে জাল দলিল করে আমাদের জমি লিখে নিয়েছে। এখন আমরা উচ্চ আদালত থেকে রায়ও পেয়েছি। ঘর করতে গেলে তারা এমন করে ভেঙে দিলো। আমরা এর বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা বলেন, ঘর ভেঙেছি এমন মিথ্যা কথা। আমরা ওসব করতে যাব কেন। আর ওই জমি আমাদের।ঘর ভাংচুরের ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

আপনার জেলার সংবাদ পড়তে