সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, সিরাপ ও চকলেট বাজি জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ( ৫ মার্চ ২০২৬) দেড়টার দিকে আশ্রায়ন বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে আরেকটি অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১০ বোতল ফেয়ারডাইল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ভারতীয় মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে। এর আগে চরচিলমারী বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৩৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৮০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি সীমান্তবর্তী জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।