বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে পবিত্র কুরআন বিতরণ, রমাদান সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসবিএমসি দাওয়াহ এন্ড রিচার্স সেন্টারের আয়োজনে এই অনাড়ম্বর অনুষ্ঠানে মেডিক্যাল কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে ইফতার পর্যন্ত চলে অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসাইন বাবলু এবং প্রধান আলোচক ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ.কে.এম মশিউল মুনীর, কর্ণেল (অব.) মোস্তফা রাসেল আল রশিদ, ইনোভা ট্রিমস এন্ড ডোনেট ফর গুডের পরিচালক মোহাম্মদ নুরুন্নবী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা, ইসলামী বৈশ্বিক আলোচনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান আলোচক ড. হাফেজ মুনির উদ্দিন চৌধুরী তার বক্তব্যে আল কুরআন একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৩০টি দেশে অন্তত ২৫টি ভাষায় রুপান্তরিত করে কোরআন পৌঁছে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক মানুষের হাতে আমরা কুরআন পৌঁছে দিতে পেরেছি। তাছাড়া উপস্থিত সকলকে ইমানী দায়িত্ববোধ থেকে প্রতি মাসে অন্তত একটি কুরআন আপনজকে উপহার দেওয়ার জন্য তিনি আহবান করেন।