মানুষের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: বিদায়ী ডিআইজি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৭ মার্চ, ২০২৬, ১১:৩৭ এএম | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ১১:৩৭ এএম
মানুষের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: বিদায়ী ডিআইজি

পুলিশের প্রধান দায়িত্ব শুধু আইন প্রয়োগ করা নয়, বরং মানুষের আস্থা অর্জন করা বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলা পুলিশের আয়োজনে ডিআইজির বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ নিরাপদ বোধ করে। বরিশালে দায়িত্ব পালন করতে গিয়ে আমি সবসময় চেষ্টা করেছি জনগণের পাশে থাকতে এবং একটি মানবিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে। তিনি আরও বলেন, বরিশালের মানুষ অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সবাই মিলে কাজ করেছি পুলিশ সদস্য, প্রশাসন এবং সাধারণ জনগণ। এই সমন্বয়ের কারণেই অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে। ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম আবেগঘণ কণ্ঠে বলেন, যখন প্রথম বরিশালে দায়িত্ব নিতে আসি, তখন ভাবিনি এই অঞ্চল আমার হৃদয়ের এতোটা কাছের হয়ে উঠবে। আজ বিদায়ের মুহুর্তে মনে হচ্ছে আমি আমার নিজের একটি অংশ রেখে যাচ্ছি। বরিশালের মানুষের ভালোবাসা এবং সহকর্মীদের সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমাদের পুলিশ বাহিনী দিন-রাত পরিশ্রম করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। অনেক সময় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য এই দায়িত্ব পালন করা আমাদের গর্বের বিষয়। বরিশালে কর্মরত পুলিশ সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বরিশালে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনসেবা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও বরিশাল পুলিশ এই ধারা অব্যাহত রাখবে। তিনি বলেন, বরিশালের মানুষ সবসময় শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের উদাহরণ তৈরি করেছে। আমি আশা করি আগামী দিনেও সবাই মিলে এই ঐক্য বজায় রাখবে এবং সমাজকে আরও নিরাপদ ও সুন্দর করে তুলবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। এসময় বরিশাল বিভাগের ছয় জেলার পুলিশ সুপার, আরআরএফ ও ১০ এপিবিএন'র কমান্ড্যান্টবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে