রমজান উপলক্ষে

সুজানগরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রির হিড়িক

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৭ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম
সুজানগরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রির হিড়িক

চলতি রমজান মাস উপলক্ষে অধিক মুনাফার আশায় পাবনার সুজানগর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো সবরিকলা বিক্রির হিড়িক পড়েছে। ওই সব কলা খেয়ে অনেকে পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও ভুক্তভোগী সূত্রে জানা যায়। সুজানগর পৌর বাজারের ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, রমজান মাস আসলেই এক শ্রেণির অসাধু কলা ব্যবসায়ী অধিক মুনাফার আশায় কাঁচা কলা কেমিক্যাল দিয়ে পাকায়ে গাছপাকা বলে বিক্রি করে থাকেন। আর ভোক্তারা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো ওই কলা প্রতি হালি ৩০ থেকে ৪০টাকা দরে কিনে প্রতারিত হওয়ার পাশাপাশি তা খেয়ে পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হন। উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী আব্দুল মজিদ বলেন, কলা ব্যবসায়ীরা স্থানীয় বাজারের আশপাশের গুদামে কাঁচাকলা রেখে রাতের অন্ধকারে তাতে কেমিক্যাল দেয়। এতে কলা দ্রুত পেকে যায়। আর কেমিক্যাল মিশিয়ে পাকানো ওই কলা উপজেলার বিভিন্ন হাট-বাজারে সকালে এবং বিকালে অবাধে বিক্রি করা হয়। সারাদিন রোজা রাখার পর অনেকে ইফতারের সময় ওই কলা পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন বলেও উপজেলার মানিকদীর গ্রামের মানিক মাহমুদ জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওয়াসিম খান বলেন কেমিক্যাল দিয়ে পাকানো কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোক্তারা কেমিক্যাল দিয়ে পাকানো ওই কলা খেয়ে পেটেরপীড়া, কিডনি সমস্যা, লিভার সমস্যা এবং ব্লাড ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু কলা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে