ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট করে বৃদ্ধাসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার হাবিরবাড়ির সিডষ্টোর উত্তর বাজার এলাকায়। এ ঘটনায় মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার হাবিরবাড়ির সিডষ্টোর উত্তর বাজার এলাকার মৃত রমজান আলী ফকিরের বসত বাড়ি জবরদখল উদ্দেশ্যে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলায় মৃত রমজান আলী ফকিরের স্ত্রী মোছাঃ সকিনা খাতুন (৬১) ছেলে আরিফুল ইসলাম (২২) ও শরিফুল ইসলামকে (৪০) রক্তাক্ত আহত করা হয়। আহতদের মাঝে সখিনা খাতুনকে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কামরুল ইসলাম বাদি হয়ে ভুমি দুস্য আবুল বাশার, শাহাদাত হোসেন, আক্তার হোসেন, মহি উদ্দিন, নোমান আকন্দ ও শফিক আকন্দের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।