বরিশাল নগরীর নির্দিষ্ট আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রিকশা চালকরা বলেন, বরিশালে ব্যাটারিচালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরীরজুড়ে দীর্ঘ যানজটসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরেও তা মানা হচ্ছে না। তাদের দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি, রোজায় এখন তারা ২০০ টাকাও আয় করতে পারছেন না। বক্তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি করেন। বিক্ষোভ সমাবেশে মো. চাঁন মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রিকসা শ্রমিক মো. দুলাল, আলমগীর হোসেন, শাজাহান মিয়া প্রমুখ।