বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবক জহুরুল ইসলাম জহির। অন্যের কল্যানে জীবন ব্যায়ের শপথ বাস্তবায়নে গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাংবাদিক জহুরুল ইসলাম জহির প্রার্থী হতে চাচ্ছেন। যদিও এখনো স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবে সম্ভাব্য তফসিল ঘোষণার আগেই গৌরনদীর রাজনীতির অঙ্গনসহ সব মহলে বিষয়টি আলোচিত। গৌরনদী পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে মেয়র প্রার্থী হিসেবে জহুরুল ইসলাম জহিরকে চাচ্ছেন সচেতন নাগরিকরা। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রেখেছে। জহুরুল ইসলাম জহির শৈশব থেকেই বিনয়ী, সদালাপী ও পরোপকারী হিসেবে পরিচিত। উচ্চশিক্ষা অর্জনের পরেও চাকরির পেছনে না ছুটে নিজ এলাকার মানুষ ও মাটিরটানে গৌরনদীতেই থেকে যান। গত ৪৫টি বছর এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নের চিন্তা থেকেই তিনি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে তিনি সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছেন। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে গিয়ে একাধিকবার নির্যাতন, মামলা ও হামলার শিকার ও জীবন মৃত্যুর মখোমুখি হলেও তিনি কখনো পিছু হটেননি। বর্তমানে তিনি গৌরনদী প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি নাগরিক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি সক্রিয়। তিনি বর্তমানে পৌর নাগরিক কমিটির সভাপতির দায়িত্বে থেকে নাগরিক অধিকার ও উন্নয়ন ইস্যুতে কাজ করছেন। তিনি বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নাগরিক স্বার্থসংশ্লিষ্ট সংগঠন সু-শাসনের জন্য নাগরিক (সুজন)-এর গৌরনদী উপজেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক আদর্শের ক্ষেত্রেও তিনি দৃঢ় অবস্থানে রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে জহুরুল ইসলাম জহির বলেন, প্রার্থী হওয়া না হওয়া সময় বলে দিবে। তবে মেয়র প্রার্থী হিসেবে নিজের ভাবনার কথা উল্লেখ করে জহুরুল ইসলাম জহির বলেন, গৌরনদীর প্রতিটি নাগরিকের জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করে একটি আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। জহুরুল ইসলাম জহির জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত সৈনিক। ৯০ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের গৌরনদী উপজেলায় তিনি আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গৌরনদী হাইস্কুলের ছাত্রদলের সভাপতি, সরকারি গৌরনদী কলেজ ও গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি, বরিশাল উত্তর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ছিলেন। এছাড়াও জহুরুল ইসলাম জহির গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ফ্যাসিবাদী আন্দোলনের সময়ে বরিশাল উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য হিসেবে নেতৃত্ব দিয়েছেন।