মোল্লাহাটে গুলিবিদ্ধ যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৪:০১ পিএম
মোল্লাহাটে গুলিবিদ্ধ যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নুর ইসলাম উপজেলার কুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি মোল্লাহাট বাজারের শেখ ট্রেডার্সে সেলসম্যান হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাট বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রথমদিকে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বিষয়টি ভিন্ন বলে মনে করেন। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে ও মাথার নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখমের চিহ্ন পাওয়া গেছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে