ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসন। ঝিনাইদহ জেলা অতিরিক্ত ম্যাজেষ্ট্রেট সবির কুমার স্বাক্ষরিত এক চিঠিতে এ ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ)আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করা সাইফুল ইসলাম ফিরোজ এ ইফতার মাহফিলের আয়োজন করেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। দলের আদেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। সাইফুল ইসলাম ফিরোজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রস্তুতি হিসাবে কালীগঞ্জ নলডাঙ্গা স্ট্যান্ডের পাশে ফাকা স্থানে বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরি সম্পন্ন করেন। রোববার দুপুর থেকে হাফেজরা কোরআন তেলওয়াত শুরু করে। এদিকে কালীগঞ্জ উপজেলা কৃষক দলের পক্ষ থেকে একই স্থানে ইফতার মাহফিলের ঘোষনা দেন। ফলে দুই পক্ষের একই স্থানে অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। ফলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে ফিরোজের মাহফিলে হামলা হতে পারে এমন আশঙ্কায় পুলিশ এসে তাদের অনুষ্ঠান বন্ধ করার জন্য নির্দেশ দেন। দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারির বিষয়টি স্থানীয়দের অবগত করতে কালীগঞ্জ শহরে মাইকিং করা হয়। সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা সৈনিক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমি তারেক রহমানের সফলতা ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কর্মসূচীর আয়োজন করেছিলাম। এখন আপনাদের মাধ্যমে শুনছি ১৪৪ ধারা জারি করা হয়েছে।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন শৃঙ্খলা রক্ষায় মাহফিল না করে অনত্রে করার ব্যবস্থা নিয়েছি। কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন জনসাধারনের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।