সৈয়দপুরে পাম্পে পেট্রোল সংকট, দিশেহারা মোটরসাইকেল চালকরা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৫:৩০ পিএম
সৈয়দপুরে পাম্পে পেট্রোল সংকট, দিশেহারা মোটরসাইকেল চালকরা

নীলফামারীর সৈয়দপুরে পাম্পগুলোতে চলছে পেট্রোল সংকট। তবে সংকটের কথা পাম্প মালিকরা না বললেও অনেকটা ইশারায় তারা তেল সংকটের কথা জানিয়ে দিচ্ছেন। সৈয়দপুরে বর্তমানে বেশ কয়েকটি পেট্রেল পাম্প রয়েছে। তার মধ্যে সুমনা ফিলিং স্টেশন, খালেক পাম্প,ইকু পেট্রোল পাম্প,আইয়ুব পেট্রোল পাম্প,রাজা পাম্প,খাদিজা পেট্রোল পাম্প।  ৮ মার্চ সকালে এ সকল পাম্পে গিয়ে দেখা যায়, পেট্রোল সংকট সমস্যা। কেউ তেল নিতে এলে তাকে দেয়া হচ্ছে মাত্র ১০০ টাকার তেল। প্রশ্ন করলে পাম্প থেকে জানানো হয় যুদ্ধের কথা। তবে ৭ মার্চ পাম্পগুলোতে সর্বোচ্চ দুই লিটার তেল দেয়া হয়েছিল কিন্তু একদিন পর ওই সিদ্ধান্ত পরিবর্তন করে মালিক পক্ষ। তারা এখন ১০০ টাকার বেশি তেল দিচ্ছেন না। অথচ মনে হচ্ছে তাদের পাম্পে কোন তেল সংকট নেই। চাহিদা মত তেল না পেয়ে অনেক মোটরসাইকেল চালক পড়েছেন বিপদে। তারা দুরে ব্যবসায়িক কাজ সহ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজে যেতে পারছেন না। অনেকে আবার দুই থেকে চার লিটার তেল সংগ্রহ করছে বেশ কয়েকটি পাম্প থেকে। চারটি পাম্প থেকে একশো টাকা করে চারশো টাকার তেল সংগ্রহ করতে হচ্ছে। এতো চরম ভোগান্তিতে পড়েছে বিশেষ করে মোটরসাইকেল চালকরা। ইয়াছিন আলী সরকার নামে একজন মোটরসাইকেল চালক জানান,অনেক অনুরোধ করার পরেও একশো টাকার বেশি তেল দিচ্ছেন না পাম্প মালিক। বাধ্য হয়ে একশো টাকার তেল নিয়েই ফিরতে হচ্ছে। তেল সংকটের বিষয়ে একজন পাম্প ম্যানেজার বলেন,যুদ্ধ বন্ধ না হলে তেলের সংকট তীব্র আকার ধারণ করবে। তখন দাম কতো হয় হোক তেলই পাওয়া যাবে না।

আপনার জেলার সংবাদ পড়তে