নওগাঁর পত্নীতলায় রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, দি হাঙ্গার প্রজেক্ট, কারিতাস, ব্র্যাক এবং আলোহা সোশ্যাল সার্ভিসেস যৌথভাবে এ সকল কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে নারী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেব, সিনিয়র মৎস্য কর্মকর্তা রুজিনা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো. আসির উদ্দীন এবং কারিতাস সিএমএলআরপি আশা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা একরামুল হক প্রমুখ।