দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৬:৩১ পিএম
দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক ও দলিতের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।  গতকাল রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় "আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়ায় এবারের আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং মহিলাদের কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র ঋনের চেক  উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমাজ সেবা অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন  গ্রামের সুবিধাভোগী ক্ষুদ্র ঋণ গ্রহীতা ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিঠা তৈরি, দর্জি, গরুপালন, হাতের কাজসহ নানা কাজের ৮ জন উদ্যোক্তাকে ২৫ হাজার ও ৫০ হাজার টাকা করে ঋণ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমাদের সমাজে প্রতিটি পদে পদে নারীর অধিকার হরণ করার চেষ্টা করা হয়। এ দেশের নারীরা দিন-রাত কাজের মধ্যে নিয়োজিত থাকে। কিন্তু তারা তাদের অধিকার ও কাজের মূল্যায়ন পায়না। এদেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের ক্ষমতায়ন না ঘটলে দেশের উন্নয়ন পিছিয়ে পড়বে। তাই সকলকেই তার নিজ নিজ জায়গা থেকে নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তবেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে