আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৮:০১ পিএম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “নারী অধিকার-মর্যাদা রক্ষা জোট” এর উদ্যোগে রোববার (০৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়কারী লাভলী ইয়াসমীন। সভা পরিচালনা করেন জোটের অন্যতম নেতা ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক  নাজমা বেগম। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, সংযুক্তে মহিলা পরিষদের জান্নাত ফাতেমা, সব মানুষের জন্য সমাজের শবনম হাফিজ, শ্রমিক নেত্রী নাজমা আক্তার, কিষানী সভার জাহানারা বেগম, জাগো নারী ফাউন্ডেশনের হালিমা আক্তার চামেল, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের রুপালী খাতুন, রেহানা বেগম, ডা. তাসীন আফরীন ডায়ানা, আইনজীবী তাহারিন জেরিন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ফয়েজ হোসেন, জায়েদ ইকবাল খান, মোঃ দুলাল মিয়া , রিক্তা আক্তার সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে লাভলী ইয়াসমীন বলেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতিই এসব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ থেকে সরকারের প্রতি নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরা হয়-

১. নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত বিচার ও কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে।

২. প্রতিটি কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করতে হবে।

৩. থানায় ভিকটিম-বান্ধব সেলকে আরও শক্তিশালী করতে হবে।

৪. কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নজরদারি বাড়াতে হবে।

৫. শ্রমজীবী নারীদের চলাচল, সামাজিক নিরাপত্তা ও আইনি সহায়তা সহজলভ্য করতে হবে।

৬. নারী শ্রমিকদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির আইন পাস করতে হবে।

৭. নির্বাচনপূর্ব ও পরবর্তী সকল হত্যা, নির্যাতন ও মব সন্ত্রাসের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি প্রতীকী দিবস নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের দিন।

উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর প্রতিপাদ্য- “নারী ও কন্যার অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগ্রামের বিকল্প নাই” ( Rights, Justice, Action for All Women and Girls )

আপনার জেলার সংবাদ পড়তে