নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জন সমস্যা পত্রিকা ৩০ বছরে পা রাখলো। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ইফতার মাহফিল। ৮ মার্চ সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিলের আয়োজন ছিল। আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব,ব্যবসায়ী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন সাপ্তাহিক জন সমস্যা পত্রিকার প্রকাশক ও সম্পাদক শওকত হায়াত শাহ। ইফতারের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি পত্রিকাটির তিন দশকের পথচলা তুলে ধরে বলেন,সত্য ও জনস্বার্থের পক্ষে থেকে ‘জন সমস্যা’ পত্রিকা দীর্ঘ ৩০ বছর ধরে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও মানুষের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পত্রিকাটির দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং আগামীতেও সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, একটি সংবাদপত্রের জন্য টানা তিন দশক টিকে থাকা সহজ কথা নয়। জন সমস্যা পত্রিকা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষের কথা তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানটি পরিণত হয়েছিল সৌহার্দ্য,সম্প্রীতি ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক মিলনমেলায়।