অফিসে ঢুকে বরিশালের গণপূর্তের এক কর্মকর্তাকে বিভিন্নধরনের হুমকি ও মারধরের ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বড় ভাইয়ের বিরুদ্ধে। বিষয়টি সোমবার (৯ মার্চ) সকালে সর্বত্র ছড়িয়ে পরলে নগরীজুড়ে ব্যাপক আলোচনার ঝড় বইছে। গণপূর্তের এক কর্মকর্তা জানিয়েছেন, অহেদুল ইসলাম রুবেল নামের এক ঠিকাদার গত বৃহস্পতিবার গণপূর্তের অফিসে প্রবেশ করে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তিনবছর আগের মের্সাস সিকদার এন্টারপ্রাইজের ওয়ার্ক সার্টিফিকেট ও পেমেন্ট সার্টিফিকেট চায়। এসময় গণপূর্ত দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী তুজ্জাম্মেল হক রাকিব খান তার ওয়ার্ক-অর্ডার দেখতে চাইলে তিনি (রুবেল) তা দেখাতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল ও তার সহযোগি সুমন নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে ওই কর্মকর্তাকে গালিগালাজসহ বিভিন্নধরনের হুমকি ও মারধরের ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় গণপূর্তের অন্যান্য কর্মকর্তারা এগিয়ে আসলে তাদেরকেও বিভিন্নধরনের হুমকি প্রদর্শন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, অহেদুল ইসলাম রুবেল বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সোহানের বড় ভাই। বিগত ১৭ বছর ছাত্রলীগ নেতা ভাইয়ের পরিচয়ে ঠিকাদারি করলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর রুবেল নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নগর দাপিয়ে বেড়াচ্ছেন। তবে তিনি বিএনপির কোনো পদ-পদবীতে নেই। গণপূর্ত দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী তুজ্জাম্মেল হক রাকিব খান বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) রুবেল নামের একজন ঠিকাদার অফিসে এসে বিনাকারণে আমাকে হুমকিধামকি দিয়ে মারধর করতে চেয়েছে। বিষয়টি আমি আমার উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। তবে অভিযুক্ত অহেদুল ইসলাম রুবেল বলেন, আমি কয়েকটি কাগজ আনতে গণপূর্ত দপ্তরে গিয়েছিলাম। সেসময় ওই অফিসের এক কর্মকর্তা আমার সাথে উচ্চবাচ্য কথা বলায় আমিও তাকে গালাগাল করেছি। তবে সেখানে কোন রাজনৈতিক দলের পরিচয় দেওয়া হয়নি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।