নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গণিপুর স্টেডিয়াম সংলগ্ন খাল থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে স্থানীয়রা খালের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি বেগমগঞ্জ মডেল থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় গলাকাটা লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে হত্যা করে লাশটি বস্তাবন্দী করে খালে ফেলে দেওয়া হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও পিবিআই। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।