চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি যাতায়াতের একমাত্র পথে বাধা হয়ে থাকা খালের উপর পাকা সেতু। এলাকাবাসী নিজেদের তৈরি করা বাঁশের তৈরি একটা ভাঙ্গা সাকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতো। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি একটি সেতু বা কালভার্টের। এজন্য তারা বিভিন্ন সময় আবেদন-নিবেদন করেছেন সংশ্লিষ্ট দপ্তরে। দ্বারস্থ হয়েছেন জনপ্রতিনিধিদের কাছেও। কিন্তু কোন সুরাহা হয়নি। অবশেষে এলাকাবাসী বাঁশের সাকোর স্থলে পেলো কাঠের সেতু। সম্প্রতি ২০২৫-২৬ অর্থবছরেগ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় পাবনা জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দকৃত অর্থ থেকে খন্দবাড়িয়া বটতলা সংলগ্ন খালের উপর ৯৪ ফুট দৈর্ঘ্য একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। এতে বরাদ্দ দেওয়া হয় ৪ লাখ টাকা। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরে কালভার্ট নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রস্তাব অনুমোদন সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে নির্মাণ সময় সাপেক্ষ ব্যাপার। তাই খন্দবাড়িয়ার মানুষের কষ্ট সাময়িক লাঘবের জন্য একটা কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। তিনি ভারী যানবাহন বা মালামাল বহনে সতর্কতার সাথে কাঠের সেতুটি ব্যবহার করার জন্য অনুরোধ জানান।