গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালামালসহ পুড়ে গেছে নগদ টাকাও। ব্যবসায়ীরা বলছেন ৬টি দোকানে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, এদিন ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি ডেন্টাল কেয়ার ও ইলেকট্রিক দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।’ এদিকে; সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকানিদের খোঁজখবর নেন।