কচুয়ায় দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, আত্মহত্যার চেষ্টা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৬:৪৪ পিএম
কচুয়ায় দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, আত্মহত্যার চেষ্টা

বাগেরহাটের কচুয়া উপজেলা রাড়িপারা ইউনিয়নের গোযালমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক কিশোরীকে (১৫) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর লোকলজ্জার ভয়ে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। বর্তমানে সে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের গোয়ালমাঠ এলাকার কাকারবিলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় রুহুল আমীন ব্যাপারীর মেয়ে। অভিযোগ উঠেছে, রাড়িপাড়া ইউনিয়নের মহসিন সরদারের ছেলে রোহান (২০) ওই কিশোরীকে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা ও জোরপূর্বক শ্লীলতাহানি করে। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শ্লীলতাহানির এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লোকলজ্জার ভয়ে আজ (৯ মার্চ) সকালে ওই কিশোরী বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীর অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, "আমরা গতকাল মৌখিকভাবে ঘটনাটি শুনেছিলাম, কিন্তু কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ করা হয়নি। আজ শুনেছি ওই কিশোরী বিষপান করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।" এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত রোহানকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে