বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৭:০২ পিএম
বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল

সাতক্ষীরায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। সোমবার (৯ মার্চ) শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, অধ্যাপক, সাংবাদিকসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন। জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গজনফর, আহলে হাদিস আন্দোলনের জেলা সভাপতি আলতাফ হোসেনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সাতক্ষীরাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। সভায় বক্তারা আরও বলেন, রমজানের শিক্ষা সমাজ ও রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র হওয়া উচিত। অন্যায় ও অনৈতিকতা দূর করতে হলে তাকওয়াবান ও নৈতিকতাসম্পন্ন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। অনুষ্ঠানের শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে