বরিশালে নারীকে মারধর ও শ্লীলতাহানী, মামলা দায়ের

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ১২:২২ এএম
বরিশালে নারীকে মারধর ও শ্লীলতাহানী, মামলা দায়ের

এক নারীকে মারধর, শ্লীলতাহানী ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন কৃষকদলের সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভূক্তভোগী ওই নারী কৃষকদলের ইউনিয়ন সভাপতি শাহে আলম সিকদারকে আসামি করে সোমবার (৯ মার্চ) বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী নারী রাজিয়া সুলতানা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় বিএনপির দুই গ্রুপের একাংশের নেতা শাহে আলম শিকদারের সাথে কাজ না করায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। তিনি আরও বলেন, শনিবার বিকেলে শাহে আলম শিকদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ঘরে ঢ়ুকে নয়বছরের ছোট মেয়ে মাইসার হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে মেমোরি ও সিম কার্ড ছিনিয়ে নেয়। এতে বাঁধা দিতে গেলে তাকে এলোপাথাড়িভাবে কিল ঘুষি মেরে শ্লীলতাহানি করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত উদয়কাঠী ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহে আলম শিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর শাহ আলম শিকদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে