থানা ঘেরাও করে বিক্ষোভ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৪:২১ পিএম
থানা ঘেরাও করে বিক্ষোভ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

ইউপি চেয়ারম্যানের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশালের বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে বাকেরগঞ্জ থানার সামনে সমাবেশ করে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। সমাবেশে বক্তারা উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সদস্য হুমায়ুন কবিরের ওপর প্রকাশ্য হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। বক্তাদের দাবি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলাকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার ও তার সহযোগিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে মব সৃষ্টি করে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় নেতৃত্ব দেয় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার। সূত্রমতে, সরকারি চাল আত্মসাতের অভিযোগের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠণ করেন। তদন্তে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত চাল আত্মসাতের কোন প্রমাণ মেলেনি।  


আপনার জেলার সংবাদ পড়তে