বরিশাল নগরীতে কাভার্ড ভ্যানের চাঁপায় ফেরদৌসি বেগম জোসনা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর সিএন্ডবির পোল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসি বেগম জোসনা বরিশাল নগরীর সিঅ্যান্ডবি পোল বাগান বাড়ি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের কন্যা।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের রূপাতলীগামী আকিজ ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড কোম্পানির একটি কাভার্ড ভ্যান সিএন্ডবি ১ নম্বর পুল অতিক্রমকালে বিপরীতমুখী ব্যাটারিচালিত একটি রিকশাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা জানান, রিকশাটি ভুল পাশ থেকে বেপরোয়াগতিতে আমতলার মোড়ের দিক থেকে থানা কাউন্সিলের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং এর চালক ও এক নারী যাত্রী গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা ওই নারীকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করলেও এর চালক ও চালকের সহকারী পালিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন ইসলাম জানান, কাভার্ড ভ্যান ও দুর্ঘটনা কবলিত রিকশাটি জব্দ করা হয়েছে।