জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হতে স্নাতক উত্তীর্ণ হতে হবে না, সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। শিক্ষাব্যবস্থা নিয়ে পাঁয়তারা করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
মঙ্গলবার ( ১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সারজিস আলম বলেন, ‘বিএনপি সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত ধরনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেগুলোর সভাপতি হতে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সভাপতি হতে অন্তত স্নাতক পাস কাউকে আসতে হবে। সেটা বাদ দিয়ে বিএনপি যখন এই সিদ্ধান্ত নেয়, আমরা মনে করি বিএনপি একইভাবে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে বাংলাদেশের অগ্রগতির মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষার মান এবং কোয়ালিটিকে ধংস করে দিয়ে স্বৈরাচার কায়েম করেছিল; বিএনপি যদি একই প্রক্রিয়ায় মুখে “সবার আগে বাংলাদেশ” আর কাজের সময় কোনো মানের দরকার নাই, যোগ্যতার দরকার নাই; এই প্রক্রিয়ায় যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আগামীতে তাদেরকে প্রত্যাখান করবে।
সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিকে আহ্বান করব- আপনারা প্রয়োজনে যোগ্যতাসম্পন্ন মানুষদেরকে আপনাদের কমিটিতে নিয়ে আসুন; অথবা রাজনীতিতে যারা আছে তাদেরকে যোগ্যতায় যোগ্যতাসম্পন্ন করে তুলুন। কিন্তু বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আর কোনো ধরনের পাঁয়তারা করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’
ইফতারের আগে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন; রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামানিক।
এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সভাপতিত্ব করেন। মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। ইফতার অনুষ্ঠানে বিভাগের ৮ জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।