ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক পৃথক ৫টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সোমবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ স্থানীয় সরকার(পৌরসভা) আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অপরাধের দায়ে অর্থদন্ড প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা গ্রামে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌর এলাকার মহাসড়কের পাশে অবৈধ ভাবে বালি রাখাসহ যানবাহন অবৈধভাবে পার্কিংয়ের দায়ে আরও চারজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন,আইন শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা, বালু মজুত কিংবা সড়ক দখল করে যানবাহন পার্কিং করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।