নাটোরের লালপুর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নিতে একদিনের রাষ্ট্রীয় সফরে আসছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সোমবার (৯ মার্চ ২০২৬) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সফরসূচি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকার বনানী থেকে নাটোর জেলার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরে রওনা দেবেন প্রতিমন্ত্রী। বিকেল ৪টায় তিনি লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। রাষ্ট্রীয় সফরসূচিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা থাকায় প্রতিমন্ত্রীর এ সফর একদিন এগিয়ে আনা হয়েছে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুর গ্রামে ৩৭৮টি পরিবারের মাঝে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।