সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় জেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) ভোর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া সম্পদের বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। মন্দির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে চোর চক্র মন্দিরের সীমানার ভেতরে প্রবেশ করে। তারা পর্যায়ক্রমে কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর প্রতিমার গা থেকে স্বর্ণ ও রুপার অলংকার খুলে নেয় এবং দানবাক্স ভেঙে নগদ টাকা লুটে নেয়। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুই জোড়া স্বর্ণের বালা (৪ ভরি), দুই জোড়া শাঁখা (১ ভরি), স্বর্ণের জিভ, চেন, নথ ও কানের দুলসহ মোট বড় অঙ্কের অলংকার, রুপা প্রায় ৫ ভরি এবং দানবাক্স থেকে প্রায় ৭ হাজার টাকা। মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য দীপাসিন্ধু তরফদার বলেন, "মাত্র দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরি হয়েছে। একের পর এক ধর্মীয় উপাসনালয়ে এমন ঘটনায় আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।" সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মন্দিরের সিসিটিভি ফুটেজে চুরির কিছু দৃশ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্দির কর্মকর্তা অসীম দাশ সোনা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।