ঈদের আগে উৎসব ভাতা (বোনাস) ও ৩০ দিনের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা। পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতির কারণে নগরীজুড়ে ময়লা জমে নগরবাসীকে চরম ভোগান্তিতে পরতে হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন, বোনাসের ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের কর্মসূচি অবব্যাহত থাকবে। অপরদিকে বিভিন্নস্থানে ময়লা জমে থাকায় পবিত্র রমজানে চরম দুর্গন্ধ সয়ে নগরবাসীকে যাতায়াত করতে হচ্ছে। তারা চান এই বর্তমান পরিবেশ থেকে দ্রুত রেহাই পেতে। কর্মবিরতি চলাকালে বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। এরআগে মঙ্গলবার (১০ মার্চ) রাতে নগরীর আমানতগঞ্জ এলাকার সিটি করপোরেশনের যান্ত্রিক শাখা অফিসের সামনে কর্মবিরতির ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় কর্মচারীরা বলেন, বিগত দিনে বেতন ও বোনাস দেয়া হলেও সম্প্রতি সিটি করপোরেশনের শ্রমিক বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীদের বোনাস দেয়া হবে না বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এছাড়া পূর্ণ মাস অর্থাৎ ৩০ দিন কাজ করলেও আমাদের বেতন দেয়া হচ্ছে ২২ দিনের। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বললেও তারা কোন সুরাহা না করে সময় পার করতে থাকে। তাই বাধ্য হয়ে শ্রমিকরা মঙ্গলবার (১০ মার্চ) রাতে কর্মবিরতির ডাক দেয়। এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ঈদ বোনাস না দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সুস্পষ্ট পরিপত্র রয়েছে। তাই আন্দোলন করলেও বোনাস দেওয়ার সুযোগ নেই। এ জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রয়োজন। উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনে ৩৯৪ জন পরিচ্ছন্নতা এবং ৩১৪ জন ঝাড়ুদার রয়েছে।