ভোলার দৌলতখানে মিডিয়াকর্মীদের সাথে এম এইচএম ও সিইএফএম বিষয়ে নীতি প্রভাবিত করা এবং জনসমর্থন বৃদ্ধি করার জন্য অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্টপ দ্য স্টিগমা ২.০ প্রকল্প বাংলাদেশের মাসিক কালীন কিশোরীদের ক্ষমতায়ন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সাজেদা ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। বুধবার (১১ মার্চ) দৌলতখান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন দৌলতখান প্রেস ক্লাব সভাপতি মোঃ জাকির আলম। মিডিয়াকর্মীদের সাথে অ্যাডভোকেসি এ কর্মশালায় মাসিক, স্বাস্থ্য ব্যবস্থাপনা, কুসংস্কার, বয়সন্ধিকালের শারীরিক-মানসিক ও সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করেন, সাজেদা ফাউন্ডেশন প্রকল্পের প্রজেক্ট ব্যবস্থাপক বিপ্লব হোসেন। আলোচনায় তিনি বলেন, কুসংস্কার নয়, ফাউন্ডেশন এর উদ্যোগে মিডিয়াকর্মীদের সাথে অ্যাডভোকেসি এ কর্মশালা সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হচ্ছে মাসিক সংক্রান্ত ভুল ধারণা ও কুসংস্কার ভেঙ্গে কিশোরী মেয়ে এবং যুবতী নারীদের ক্ষমতায়ন। এলাকার সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের কে নিয়ে একটি সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষ করে মাসিক স্বাস্থ্যবিধি এবং বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সাজেদা ফাউন্ডেশন কিশোর কিশোরীদের নিয়ে উঠান বৈঠক, উপজেলা ও ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় মা-বাবা ও সংশ্লিষ্টদের সচেতন করার জন্য কাজ করেছে। উপজেলার ৪৩ টি স্কুল মাদ্রাসায় শিক্ষার্থীদের হাত ধোয়া, পিরিয়ডের সময় সেনেটারী প্যাড, সাবানের ব্যবস্থা রাখা। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে প্রধান শিক্ষক ও প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন শিক্ষককে ২ দিন প্রশিক্ষণ দিয়েছে এ ফাউন্ডেশন। কর্মশালায় আলোচনায় অংশ নেন আমার দেশ প্রতিনিধি এম এ খায়ের, ইনকিলাব উপজেলা সংবাদদাতা মিজান রহমান, কালবেলা প্রতিনিধি মোঃ গজনবী, পরিবর্তন প্রতিনিধি এমএ তাহের, এশিয়ান টিভির রোমানুল ইসলাম সোহেব, বাংলা টিভির মোঃ মামুন, সাংবাদিক মিরাজ, রিয়াজ সহ আরো অনেকে।