হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বরিশালের ১০ আইনজীবী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ১১:২৫ এএম
হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বরিশালের ১০ আইনজীবী

আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশাল আইনজীবী সমিতির ১০ সদস্য। পরে তাদের সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ আইনজীবীরা স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন। বাকি নয়জন আইনজীবী হলেন-জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি মির্জা রিয়াজুল ইসলাম, পিপি আবুল কালাম আজাদ ও নাজিমুদ্দিন পান্না, আইনজীবী মহসিন মন্টু, মিজানুর রহমান, মো. আবদুল বারেক, মো. আবদুল মালেক, মো. সাঈদ চৌধুরী ও হাফিজ উদ্দিন বাবলু। আইনজীবীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও মো. আনিসুর রহমান রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান। তিনি জানান, আইনজীবীরা আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করেন এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেন। উল্লেখ্য, বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে এজলাস ভাঙচুর, সরকারি নথি ও মালামাল বিনষ্ট করা এবং বিচারককে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ২৫ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে