টিসিবি পণ্য মজুদ করায় ডিলারের লাইসেন্স বাতিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ১১:২৬ এএম
টিসিবি পণ্য মজুদ করায় ডিলারের লাইসেন্স বাতিল

বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) পণ্য বিক্রি না করে উল্টো অবৈধভাবে মজুদ রেখে নিজ দোকানে বিক্রি করার অভিযোগে এক ডিলারের লাইন্সেস বাতিল করা হয়েছে। বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের ‘মা ভ্যারাইটিজ স্টোরে’ এসব টিসিবি পণ্য মজুদ রেখেছিলেন ডিলার মিরাজুল ইসলাম ইভান। টিসিবির বরিশাল রিজিওনাল অফিসের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শতদল মন্ডল বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার ডিলারশিপ লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সূত্রমতে, মিরাজুল ইসলাম ইভান বরিশাল নগরীর ২৯নম্বর ওয়ার্ড লুৎফর রহমান সড়কের বাসিন্দা হলেও তিনি ১নম্বর ওয়ার্ড কাউনিয়া এলাকার টিসিবি পণ্য ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করেন। টিসিবি পণ্য ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করতে গিয়ে গত শনিবার সকালে কাউনিয়া এলাকায় আনুমানিক একঘন্টা টিসিবি পণ্য ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করার পর টিসিবি পণ্য না থাকার অজুহাত দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সেদিন মিরাজুলের গতিবিধি সন্দেহ হলে তার পিছু নেয় কাউনিয়া এলাকার বাসিন্দা ও ভুক্তভোগীরা। একপর্যায়ে মিরাজুলকে অনুসরণ করে ভুক্তভোগীরা বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের মা ভ্যারাইটিজ স্টোরের সামনে গিয়ে দেখেন, সেখানে ওই ট্রাক সেলের টিসিবি পণ্য মজুদ রাখা হয়েছে।  মজুদের বিষয়টি ভুক্তভোগীরা হাতেনাতে ধরলে মিরাজুল সে সময়ে চুপসে যান। একপর্যায়ে মজুদের বিষয়টি মোবাইলে ভিডিও ধারণ করলে ভুক্তভোগীদের হুমকি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে নিজ দোকানে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদের বিষয় নিয়ে কথা হলে মিরাজুল ইসলাম ইভান বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে এসেছিলেন টিসিবি কর্তৃপক্ষ। কিন্তু আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায়নি তদন্তকারী কর্মকর্তারা। অপরদিকে টিসিবির বরিশাল রিজিওনাল অফিসের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শতদল মন্ডল বলেন, মিরাজুল ইসলাম ইভানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তার ডিলারশিপ লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তাছাড়া ডিলার মিরাজুল যে বলেছেন আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং তদন্তে কিছুই পাইনি, এটা মিথ্যা কথা।

আপনার জেলার সংবাদ পড়তে