রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে ঈদের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মারপিটে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন জামায়াতকর্মী নিহত আলাউদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মোহনপুর উপজেলার সাঁকোয়া মসজিদের সামনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বক্তারা নিহত জামায়াত নেতা আলাউদ্দিনের হত্যাকাণ্ডে জড়িত মামলার এজাহার আসামি বিএনপি কর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে আলটিমেটাম দেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে মোহনপুর সদরসহ কেশরহাটে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে। এর আগে গত ৭ মার্চ শনিবার ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামেব রাত সাড়ে ৭ টার সময় জামায়াতে ইসলামীর কর্মী মো. আলাউদ্দিনের ওপর হামলা চালানো হয়। বিএনপির স্থানীয় নেতা মো: ওমর ও রাইসুল ইসলাম রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে নৃশংসভাবে আক্রমণ করে এবং পায়ে খুঁচিয়ে হত্যা করে।
ইফতার মাহফিল অনুষ্ঠানে কেশরহাট পৌরসভা জামায়াতের আমির আব্দুল জলিলের সভাপতিত্বে ও সেক্রেটারি মোখলেসুর রহমানে পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার নায়েবে আমির আব্দুল খালেক, প্রধান আলোচক ছিলেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর জামায়াতের ত্রাণ পূর্ণবাসন সম্পাদক কাশিয়াডাঙ্গা থানা সুরা কর্মপরিষদের সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী, মোহনপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা, সহসেক্রেটারি শাহজামাল, নায়েবে হাসান আলী, নিহত জামায়াতকর্মী আলাউদ্দিনে ছেলে ইমরান আলীসহ ইউনিয়ন ও পৌর সভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।