দৌলতপুরে সীমান্তের

মাথাভাঙা নদী থেকে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৯:৫০ পিএম
মাথাভাঙা নদী থেকে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী মাথাভাঙা নদী থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিলগাতুয়া গ্রামসংলগ্ন ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদীর বাংলাদেশ অংশে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সদস্যরা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় জনগণ ও বৃদ্ধার স্বজনদের সহায়তায় লাশটি সনাক্ত করা হয়। নিহত নারী হলেন মলেজান নেছা (৬৬)। সে প্রাগপুর ইউনিয়নের বাসিন্দা মৃত এলাহী বক্সের স্ত্রী। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু করে। স্থানীয় তদন্তে জানা যায়, মলেজান নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে হারিয়ে যেতেন। স্বজনদের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি পানিতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে গত ৮ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে কোনো এক সময় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় মৃতের স্বজন ও স্থানীয় ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্ত ছাড়াই তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, প্রায় পাঁচ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। তাকে খুজে পেতে এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতপুর সীমান্তবর্তী মাথাভাঙা নদীতে তার লাশ ভেসে উঠতে দেখা যায়।এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে