পবিত্র রমজান উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার ৩২টি এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঝে সৌদি সরকারের উপহার হিসেবে খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টুন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৩১টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং উপজেলা মসজিদের জন্য ১ কার্টুন করে মোট ৩২ কার্টুন খেজুর বিতরণ করা হয়। রমজান মাসে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে ইফতারে এই খেজুর ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেই রাজকীয় সৌদি আরব সরকারের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ''রমজান মাসে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে ইফতারে এই খেজুর ব্যবহার করতে পারে, সে উদ্দেশ্যেই সৌদি আরব সরকার এই উপহার প্রদান করেছে।” এ সময় সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসা প্রধানরা সৌদি আরব সরকারসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।