সরকারি খাল দখল করে ভবন নির্মাণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৩ মার্চ, ২০২৬, ১১:২৫ এএম | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১১:২৫ এএম
সরকারি খাল দখল করে ভবন নির্মাণ

সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। একইসাথে পাশের একটি ব্রিজের ওপর ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী রেখে আংশিকভাবে বন্ধ করে দেওয়ায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অথচ দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠার পরেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার মাগুরা বাজার এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা বাজার সংলগ্ন সরকারি খালটি দখল করে সেখানে একটি পাকা ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজের সুবিধার্থে পাশের ব্রিজের ওপর ইট, বালু ও বিভিন্ন নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখা হয়েছে। ফলে ব্রিজটি কার্যত দখল হয়ে পড়েছে এবং স্বাভাবিকভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করে বলেন, ব্রিজের ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে ছোট-বড় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পরেছে। অনেক সময় মানুষকে ঝুঁকি নিয়ে পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ভবনটির প্রকৃত মালিক বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে নির্মাণকাজ পরিচালনা করছেন তার ভাই নজরুল সন্যামত। নজরুল সন্যামাতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি আমাদের নিজস্ব। তবে জমির মালিকানার পক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারেননি। এদিকে সরকারি খাল দখল এবং ব্রিজের ওপর নির্মাণ সামগ্রী রেখে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে খাল দখলমুক্ত করা এবং ব্রিজ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হোক। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে