বাগেরহাটের চিতলমারী উপজেলার পাঁচপাড়া এলাকায় অবস্থিত পঞ্চপল্লী সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি-গুরু-তারকচাঁদ মন্দির (হরিমন্দির) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মতুয়া মহোৎসব ও সম্মেলনু২০২৬। শুক্রবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী রাই মোহন মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ পরিক্ষীত গোসাই, শ্রীপাঠ তারকধাম, জয়পুর, নড়াইল। অনুষ্ঠানের উদ্বোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন গুরুমাতা শ্রীমতি মিনাক্ষী দেবী। এ সময় আরও বক্তব্য রাখেন মন্দির কমিটির সিনিয়র সভাপতি ও ইউপি সদস্য সমীর মন্ডল, সাধারণ সম্পাদক সুজন হালদার এবং সাংস্কৃতিক সম্পাদক সৌরভ পান্ডে। মহোৎসব উপলক্ষে প্রায় শতাধিক দল ঢাক, ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে মন্দির প্রাঙ্গণে সমবেত হন। পরে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, মতুয়া ধর্মীয় ভাবধারা প্রচার ও ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।