বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রথম নারী প্রশাসক হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে বিএনপি নেত্রী শিরীন প্রশাসক হওয়ায় বরিশালে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) অনুয়ায়ী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। নিয়োগ করা প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। জানা গেছে, শিরিন বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন। তিনি একাধারে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল)।