মুলাদীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৯

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৩:০১ পিএম
মুলাদীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৯

বরিশালের মুলাদীতে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আমিনুল সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কের মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্নীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় কমপক্ষে আরও ৯জন আহত হয়েছেন। মাহিন্দ্রাটি মুলাদী সিনেমা হলের সামনে থেকে যাত্রী নিয়ে মীরগঞ্জ ফেরিঘাট যাওয়ার পথে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়।  নিহত আমিনুল সিকদার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের নেছার উদ্দীন সিকদারের ছেলে। তিনি একটি কাজে বাবাকে নিয়ে বরিশাল যাচ্ছিলেন বলে জানান স্বজনেরা। আহতরা হলেন, নেছার উদ্দীন সিকদার (৬৫), নূরুল ইসলাম (৪৫), মো. আরিফ হোসেন (৪০), মিরাজ ব্যাপারী (২৮), মো. হানিফ (২৪), আনছার খান (১৮), আজিজুল ইসলাম (২৮), সোহানুর রহমান (২৮) এবং মো. সাইদুল ইসলাম (৩০)। 

আহত মিরাজ ব্যাপারী জানান, সোমবার সকালে মাহিন্দ্রাটি ১০জন যাত্রী নিয়ে হলের সামনে থেকে মীরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাহিন্দ্রাটি  চরলক্ষ্নীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সেতু এলাকায় পৌছলে বিপরীত থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি ছিটকে উল্টে যায় এবং চালকসহ সবাই আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত আমিনুল সিকদারের আত্মীয় সাইদুল ইসলাম জানান, আমিনুল জরুরি কাজে তার বাবা নেছার সিকদারকে নিয়ে বরিশাল যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসা: ইকরা আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৯জনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা ক্ষতিগ্রস্থ মাহিন্দ্রা অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

আপনার জেলার সংবাদ পড়তে