২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ, পাট ও তিলের চাষাবাদ বৃদ্ধির লক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১৯০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে তিন প্রকারের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে ১৫০ জন কৃষক-কৃষাণীকে প্রতিজনকে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, ৩০ জনকে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১০ জনকে ১০০ কেজি করে হলুদ বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক, ফকরুল ইসলাম, উপজেলা জামায়াতের সিক্রেটারী মাওলানা আব্দুর রহমানসহ, স্থানীয় সাংবাদিক ও কৃষক-কৃষাণীরা।